সিএনজিতে অভিনব কৌশলে লুকানো ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজারের উখিয়ায় সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।

বিজিবি জানায়, সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় সিএনজির আরোহীর সিটের নিচে নীল রঙের পলিথিনে মোড়ানো চারটি মিনি কৌটায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় উখিয়া উপজেলার মধ্যম হলাদিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছৈয়দ করিমকে (৩৪) আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app