বেনাপোলে ভারতে পাচারের আগেই ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ভারতে পাচারের আগ মুহূর্তে ২৪ লাখ টাকারও বেশি মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম **জালাল উদ্দিন শেখ (৫৫)**। তিনি পিরোজপুর জেলার কালিবাড়ি উপজেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৬.৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩,২৪০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ২০ হাজার টাকা সহ সর্বমোট সিজার মূল্য **২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা**।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “কিছুদিন যাবত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।”
আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app