পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) হীড বাংলাদেশ কর্তৃক পরিচালিত আরএইচএল প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়টিতে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, নারিকেল, মেহগনি ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ।
কর্মসূচির আওতায় বিতরণ করা ৫০০টি চারার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ১০০টি চারা রোপণ করা হবে। অবশিষ্ট ৪০০টি চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও দেখভালের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগকৃত জনবল দায়িত্ব পালন করবেন। এর ফলে চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা এবং সেগুলোকে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করবে।
চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের পাখিমারা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।
এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিবেশবান্ধব এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠবে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়নের আওতায় আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




