কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এএসআই (স) হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
শনিবার (৮ আগস্ট) ভোরে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের সদস্যদের জানানো হয়।
পরে খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ওয়াশরুমের স্টিলের দরজা ভেঙে ভেতর থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন জানান, একজন পুলিশ সদস্যের মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে রুবেল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




