দশমিনা উপজেলা মাদক ও বাল্যবিবাহমুক্ত গড়তে হবে, ইউএনও

পটুয়াখালীর দশমিনায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ এলকোর দাখিল মাদ্রাসায় ‘আলোর দিশারী মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং পঞ্চম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে। ব্যর্থতা বা বাধা এলেও হাল ছেড়ে দেওয়া যাবে না।
নিজের পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ দেওয়া গেলে ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারবে। এ ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সামাজিক সমস্যা প্রসঙ্গে ইউএনও বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে।
দশমিনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্ব, মনোমালিন্য ও সংঘাতের কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগ ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ দশমিনা গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসক, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

কোনো পূর্বঘোষণা ছাড়াই মুখে মাস্ক পরে সকাল ৮টায় ময়মনসিংহের ফুলপুর

Scroll to Top