‎ইজারার নামে চাড়ালকাটা নদী কাটার মহোৎসব: ঝুঁকিতে তিস্তা সেচ ক্যানেল

‎পুরোনো জমানো বালু সরানোর সুযোগ নিয়ে নীলফামারীর জলঢাকায় চাড়ালকাটা নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম ভেঙে নদীতে নামানো হয়েছে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ও ড্রেজার। দিন-রাত শত শত ভারী ট্রাকে করে এসব বালু বিক্রি করা হচ্ছে। এতে নদীভাঙন ও পরিবেশদূষণের পাশাপাশি তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল, নতুন নির্মিত প্রতিরক্ষা বাঁধ এবং গ্রামীণ রাস্তাঘাট চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের দাবি, নদীর বুক চিরে প্রতিদিন অন্তত ১০ লাখ টাকার অবৈধ বালু বাণিজ্য চলছে।

‎পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত জুনে চাড়ালকাটা নদীর তীরের জমে থাকা স্তূপকৃত বালু বিক্রির জন্য ৩১ লাখ টাকায় ইজারা দেয় উপজেলা প্রশাসন। শর্ত ছিল—১২০ দিনের মধ্যে শুধু তীরের বালু সরাতে হবে, নদী থেকে নতুন করে কোনো বালু তোলা যাবে না এবং ভারী ডাম্প ট্রাক ব্যবহার করা যাবে না।

‎তবে সরজমিনে দেখা গেছে, তীরের বালু অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন ইজারার অজুহাতে নদীর তলদেশ থেকেই ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে।

‎বালু তোলার স্থানের পাশেই ৩ কোটি টাকা খরচে একটি প্রতিরক্ষা বাঁধ তৈরি করছে পাউবো। নদী কাটার ফলে এই বাঁধটি উদ্বোধনের আগেই ধসে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

‎প্রতিদিন ৫০-৬০টি ওজনদার ডাম্প ট্রাক চলাচলের কারণে গ্রামীণ পাকা রাস্তার পিচ-পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতি হচ্ছে তিস্তা সেচ খালের পরিদর্শন সড়কের। কৃষকদের আশঙ্কা, সেচ ক্যানেলের পার ভেঙে গেলে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাবে।

‎বালু তোলার মেশিনের পোড়া তেল নদীর পানিতে মিশে পানি দূষিত হচ্ছে, যা মাছ ও ফসলের ক্ষতি করছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, ডাম্প ট্রাকের বিকট শব্দে রাতে ঘুমানো যায় না। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। উল্টো প্রতিবাদ করলে মামলা ও হয়রানির ভয় দেখানো হয়।

‎নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজা মাহমুদ জানান, অপরিকল্পিতভাবে নদীর তলদেশ কাটা এবং সেচ খালের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ না করলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

‎ইজারার শর্ত ভাঙলে তা বাতিলের নিয়ম থাকলেও উপজেলা প্রশাসন এখনো কেবল সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top