গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে ঘটিত বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের তিনজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বাসিন্দা লাল চান মিয়া (৬০), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৫০) এবং তাঁদের ১৬ বছরের মেয়ে তানিশা আক্তার। লাল চান মিয়া টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি পোশাক কারখানায় (গার্মেন্টসকর্মী) চাকরি করতেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাল চান মিয়া পরিবারসহ চেরাগআলী এলাকার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। বুধবার ভোরে যখন পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ ঘরের ভেতরে জমে থাকা গ্যাস থেকে তীব্র বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং পরিবারের তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হন।
তাঁদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় নিহতদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তাঁদের শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থেকে একে একে তিনজনই না ফেরার দেশে চলে যান।
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের কুড়িপাড়া গ্রামে এবং এলাক জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



