কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তাদের বহনকারী নৌকা থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ৩টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় একটি নৌকাকে চিহ্নিত করে ধাওয়া দেয় বিজিবির আভিযানিক দল।
এ সময় গ্রেপ্তার এড়াতে নৌকায় থাকা চোরাচালানকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযানে দুইজনকে আটক করা হলেও অপর একজন রাতের অন্ধকারে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় চোরাকারবারিদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।
আটকরা হলেন উখিয়ার ২ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা জুস মোহাম্মদ (৩০) এবং ৫ নম্বর আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৩৭)।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং উদ্ধারকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



