সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে

সাগরকন্যা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আর দিগন্তজোড়া সূর্যাস্ত উপভোগ করতে ভ্যানে চড়ে সৈকত ঘুরে দেখেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ভ্যানে চড়ে লেম্বুরবন এলাকার উদ্দেশে যাত্রা করেন তারা। এ সময় সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সফরসঙ্গীরা।

‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’ উপলক্ষে তাদের এ ব্যতিক্রমী ভ্রমণ ঘিরে পর্যটকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভ্যানে চড়ে সৈকতসংলগ্ন এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে তারা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করেন। বিকালের সোনালি আলো, সাগরের ঢেউ আর দিগন্তে সূর্যাস্তের মনোরম দৃশ্য তাদের ভ্রমণে যোগ করে বাড়তি আকর্ষণ।

এ সময় তাদের সঙ্গে ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাশু সরকার কুট্টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল-২০২৬। এ উপলক্ষে সৈকতজুড়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। বিচ ফুটবল, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়ন এবং কুয়াকাটাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top