ফক্স নিউজের একটি ডিজিটাল অনুসন্ধানে দাবি করা হয়েছে যে, ফ্রান্সে চলা দাঙ্গা এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভের মধ্যে সংযোগ খুঁজে পাওয়া গেছে।
জ্যেষ্ঠ সম্পাদক আসরা নোমানির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এটি নয়টি দেশের ১০১টি সংস্থাকে একটি “রেড-গ্রিন প্রটেস্ট ইকোসিস্টেম” বা (ইসলামপন্থি ও কমিউনিস্ট গোষ্ঠীগুলোকে নির্দেশ করে) এর অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করেছে, যা ইউরোপে ক্রমবর্ধমান বিক্ষোভের পরিবেশ তৈরিতে সমন্বয়, সংগঠন বা প্রচার চালাচ্ছে।
তাঁর “গ্লোবাল কেয়স ইনক গ্রোজ টু ১০১ গ্রুপস” শীর্ষক প্রতিবেদনে ফ্রান্সভিত্তিক সংস্থা ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিসকে (আইএপি) “ফরাসি এবং ভারতীয় বিক্ষোভের বার্তার মধ্যে সংযোগকারী” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি “ম্যানহাটনের পিপলস ফোরামের সাথে অংশীদারিত্বে রয়েছে।”
তাঁর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, কীভাবে ট্রান্সন্যাশনাল বা আন্তঃরাষ্ট্রীয় পুঁজিবাদবিরোধী সংস্থা প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) গত ১৬ অক্টোবর তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক ব্রিফিংয়ে ফ্রান্স, স্পেন, ভারত এবং আলবেনিয়ার বর্তমান বিক্ষোভগুলোকে স্পষ্টভাবে একীভূত করেছে এবং প্রশ্ন তুলেছে যে, “এই নতুন বিদ্রোহগুলো কি এমন সংগঠিত শক্তি অর্জন করতে পারে যা সেগুলোর জন্মদাতা অবস্থাকে বদলে দিতে পারে?” সংস্থাটি লিখেছে, “প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল এই শক্তিগুলোকেই সমর্থন ও সংযুক্ত করার জন্য কাজ করছে।”
নোমানির প্রতিবেদনে দাবি করা হয়েছে, “ইউরোপীয় এই অস্থিরতা প্রো-কমিউনিস্ট সংগঠনগুলোর একটি নেটওয়ার্ক থেকেও সহানুভূতিশীল প্রচার পাচ্ছে, যার মধ্যে রয়েছে ব্রেক থ্রু নিউজ, কোডপিংক এবং পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন, যেগুলো সাংহাইতে বসবাসকারী মার্কিন বংশোদ্ভূত প্রযুক্তি টাইটেল নেভিল রয় সিংহামের দ্বারা অর্থায়ন ও সমর্থিত।”
গত ১৪ অক্টোবর প্রকাশিত ব্রেক থ্রু নিউজের একটি সাক্ষাৎকারে সিংহামের স্ত্রী এবং কোডপিংক-এর সহ-প্রতিষ্ঠাতা জোডি ইভান্স বলেছেন: “আমি চাই মানুষ ফ্রান্স, স্পেন এবং ভারতের দিকে তাকাক এবং শুধু বলুক, ‘আমরা কোথায়? কেন আমরা রাস্তায় নেই?’” অপর একটি এক্স হ্যান্ডেল ডিসইনফো ল্যাব টুইট করেছে যে, প্যারিসভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক এবং আইএপি-র সেক্রেটারি জয় ব্যানার্জি সিজিটি ইউনিয়নের একজন সাবেক প্রতিনিধি এবং ফরাসি কমিউনিস্ট পার্টির সাথে তাঁর যোগসূত্র রয়েছে।




