নীলফামারীর সৈয়দপুরে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়মের দায়ে একাধিক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌর শহরের বিভিন্ন এলপিজি গ্যাস বিক্রয় কেন্দ্র ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতে শহরের সেন্ট্রাল বাস টার্মিনাল, শেরে বাংলা সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি দোকানে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত বাফার মূল্যের তোয়াক্কা না করে সিলিন্ডার প্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এছাড়া অনেক দোকানে গ্রাহকদের বিভ্রান্ত করতে টাঙানো হয়নি হালনাগাদ মূল্য তালিকা।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোষী ব্যবসায়ীদের নগদ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, “ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা। কোনো অসাধু ব্যবসায়ীকে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযানে সহায়তা করে সৈয়দপুর থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। আমজনতা ও সাধারণ ক্রেতারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।




