ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারের জেলা প্রশাসক, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) জেলা প্রশাসক সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগর পাড়াসহ কয়েকটি জলাবদ্ধ গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থাপিত তিনটি জরুরি আশ্রয়কেন্দ্রও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন। তিনি জানান, জেলার সব সুইচগেট পানি নিষ্কাশনের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি উপজেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্গত মানুষের সহায়তায় জেলা ও উপজেলা পর্যায়ের কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app