পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ, অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার নামে ১ লাখ টাকা ও তিন ছাগল নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে তাকে আরেকবার বহিষ্কার করা হয়েছিল।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিনের আর্থিক সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রমিজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এদিকে রমিজ উদ্দিন লন্ডনীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর ফেসবুকে প্রকাশিত হলে মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে ধন্যবাদ জানান।

তারা যুগান্তরকে বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন নেতাকে দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন আবুল হাসেম। পাশাপাশি আব্দুল অদুদ মুন্সিকে আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় মেঘনা উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এর আগে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী এক লাখ টাকা ও তিনটি খাসি নেন বলে অভিযোগ করেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা। এ অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোসলেম।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া তাকে তিনটি খাসি উপহার দেন। এ-সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাউফলে পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান ‘সম্প্রীতির বাংলাদেশে সংখ্যা দিয়ে বিচার নয়, মানুষই সেরা

পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান

Scroll to Top