নাফ নদী পথে পাচারের সময় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মালিকবিহীন চালান জব্দ

কক্সবাজারের উখিয়ার নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের সময় মালিকবিহীন ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন চোরাকারবারী নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাত প্রায় পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে তিন ব্যক্তি দুটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত দুটি বস্তার ভেতর থেকে বিশেষভাবে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সীমান্তে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app