মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধস: বসতঘর চাপা পড়ে নারীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে বসতঘর চাপা পড়ে নাসিমা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী জসিম উদ্দিন (৪০) ও তাঁদের এক সন্তান গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে নাসিমা, তাঁর স্বামী ও সন্তানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও সন্তান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, টানা বৃষ্টিতে পাহাড় ধসে একটি বসতঘর চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের আগেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানেননি। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের উচ্ছেদ করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন