গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নোহা জব্দ

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজারের উত্তর দিকে কামারবাড়ী ব্রিজসংলগ্ন মৃত দলিল উদ্দিনের বাড়ির মূল ফটকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাহাবুর রহমান (২৫) ও হাসমত আলী শেখ (৭১)।
র‌্যাব-৬ সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মুকসুদপুরের ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৪ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মাইক্রোবাসসহ গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top