কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ঢাকাগামী একটি স্লিপার কোচ থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের হেল্পারকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যান। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ।
শনিবার রাতে কক্সবাজার বাস টার্মিনালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা করা হবে। তথ্য পাওয়ার পর রাত ৮টা থেকে বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন ও নজরদারি জোরদার করা হয়। এক যাত্রীর ফোনকলের সূত্র ধরে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক পালিয়ে গেলেও হেল্পারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের একটি সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে। আটক হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্র জড়িত।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, গন্তব্য, অর্থদাতা, রিসিভার এবং পলাতক চালকসহ জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।




