উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড এসএমজি বুলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৪ এপিবিএন সূত্র জানায়, অভিযানের সময় ডিআরসি মাঠসংলগ্ন রফিক নামের এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান অভিযানকারী সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড এসএমজি বুলেট।
পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, সংশ্লিষ্ট ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্প এলাকায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।




