কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ ঘটনায় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কয়েকজন শীর্ষ মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে একটি বসতবাড়িতে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে দৌড়ে পালানোর সময় শাকিলা শারমিন রেশমীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেফতারকৃত নারীর ঘর এবং ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব। জব্দ করা আলামত আইনানুগভাবে সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতার শাকিলা শারমিন রেশমী উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া ওয়াপালং এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতার আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে নিয়মিত এজাহারসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি এবং এ চক্রের মূল হোতাদের গ্রেফতারে চিরুনি অভিযান চলবে বলেও জানান তিনি।




