পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক্সকাভেটর (ভেকু মেশিন) দিয়ে চরের মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার সাইনবোর্ড চর ও কাউখালী চরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সাইনবোর্ড চর ও কাউখালী চরের পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
অভিযানকালে এক্সকাভেটর দিয়ে চরের মাটি কাটা ও খননের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন।




