ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে উল্লিখিত দুটি বিষয়ে পাঠদান চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্যের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে এই অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তর এবং নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, নতুন দুটি বিষয়ে স্নাতক (সম্মান) পর্যায়ের পাঠদান চালু হলে নাসিরনগরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষার আরও ভালো সুযোগ পাবেন। এতে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সময় ও ব্যয়ও কমবে।
প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. জাহাঙ্গীর ফেরদৌস স্বাক্ষর করেন।




