নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈয়দপুর প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ও সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দুই যুগ ধরে দৈনিক নয়া দিগন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সাথে তুলে ধরে পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি দেশের উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির ২৩তম বর্ষে পদার্পণ উদযাপন করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।



