নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে নবীনগরের ঐতিহ্যবাহী লঞ্চঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। পরে ভ্রমণকারীরা নরসিংদীর আলোকবালী বালুচর গড়িপুরার নিঝুমদ্বীপ এলাকায় পৌঁছান।
আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রফিকুল ইসলাম রফিক শাহ্। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধু সঙ্গের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর ধ্যানঘরের কর্ণধার আনোয়ার হোসেন, সংগীতশিল্পী অজয় মুখার্জী, মোহাম্মদ হেলাল উদ্দিন, গুঞ্জন পাঠাগারের কর্ণধার ও বইমজুর স্বপন মিয়া, শিক্ষক নাছিমা আক্তার, মলিনা বেগম, মর্জিনা জেসমিন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসী আক্তার, বাউল শিল্পী জেসমিন আক্তার, শামসুন্নাহারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভ্রমণে অংশগ্রহণকারীরা নদীর বুকে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি গান, নাচ ও বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। হঠাৎ বৃষ্টিতে কেউ ভিজে আনন্দ উপভোগ করেন, আবার কেউ ছাউনির নিচে আশ্রয় নেন। দুপুরের খাবারে ছিল দই, চিড়া, কলা ও গুড়।
আয়োজকদের ভাষ্য, এমন আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মের কাছে নদীকেন্দ্রিক বাংলাদেশের ঐতিহ্য ও নৌভ্রমণের আনন্দকে নতুন করে তুলে ধরে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top