খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনার সাত দিনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ডাকাতির ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি বিশেষ অভিযানিক দল তদন্ত ও অভিযান শুরু করে। অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় ছুরি, বিভিন্ন সরঞ্জাম, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় জড়িত আসামিদের মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং মামলার তদন্তসংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top