বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় যুবক হাসপাতালে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে তুলসী বাগর্দী (৩৫) নামে এক যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
​ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার ধুনট সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামে। আহত তুলসী বাগর্দী ওই গ্রামের বাদলের ছেলে।
​স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুঠিবাড়ি গ্রামের পূর্ণ কলার ছেলে বাবু বাগদীর সঙ্গে তুলসী বাগর্দীর একসময় গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সুবাদে দুজনই একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এই যাতায়াতের একপর্যায়ে বাবুর স্ত্রী রত্নার সঙ্গে তুলসীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে রত্নাকে বিয়ে করে তুলসী নিজের স্ত্রী হিসেবে সংসার শুরু করেন। বন্ধুর স্ত্রীকে এভাবে বিয়ে করার পর থেকেই তাঁদের দুজনের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
​এই পূর্বশত্রুতার জের ধরে রবিবার (১৮অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে তুলসীকে বাড়ির সামনে একা পেয়ে বাবু ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যান। তুলসীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।
​এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, “ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তির পরিবারের সদস্যরা বর্তমানে তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় লিখিত অভিযোগ পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং অভিযোগ পাওয়া মাত্রই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top