পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে নারী সহকারীকে জুতা দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। এ ঘটনায় আহত নারী সহকারী লামিয়া কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের চেম্বারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা তাঁর নারী সহকারী লামিয়াকে জুতা দিয়ে মারধর করেন। এতে লামিয়া আহত হন। ঘটনার পর চিকিৎসক চেম্বার থেকে অটোরিকশায় করে চলে যান বলে জানা গেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




