পটুয়াখালীর বাউফল উপজেলার চরকচুয়া গ্রামে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রদ্বীপ ইউনিয়ন শাখা। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেওয়া প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও জামায়াতের নেতৃবৃন্দকে জড়িয়ে জমি দখলসহ বিভিন্ন বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচার করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থে যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।
এ ধরনের প্রচারণা বন্ধের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছে দলটির চন্দ্রদ্বীপ ইউনিয়ন শাখা।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম।
অন্যদিকে, চরকচুয়া গ্রামের জমি দখলের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে অভিযোগকারী অলিয়ার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয় নাই।




