স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিবে সরকার।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় পেকুয়া উপজেলা মাঠে আয়োজিত আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক বন্যায় এ অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে এসব ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ। শামসুল হক ফাউন্ডেশন অতীতের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ঘরহারা মানুষের জন্য ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ জন্য আমি ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে তারা ১০০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় পেকুয়ায় ২০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।



