চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে জশনে জুলুসের র্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে ফের মাদ্রাসায় মাঠে গিয়ে শেষ হয়। জুলুসে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য নবীপ্রেমী ধর্মপ্রাণ হাজার হাজার মুসলমান এতে অংশ নেয় এবং প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়।
পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিশ্বের
মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।




