রবিবার,১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ১৫টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের একক সংঘ ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাদের হাতে গাছের চারা তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আয়োজকরা জানান, বিতরণ করা চারাগুলো পরবর্তীতে পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে বিতরণ ও রোপণ করা হবে। কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

আলোচনা সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আজ যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে, সেগুলো ওয়ার্ডভিত্তিক বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সিরাজগঞ্জ গড়ে তুলতে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন