ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শ্রী সুজনের পরিবার: পুড়ে ছাই বসতঘরসহ সর্বস্ব

​বগুড়ার ধুনট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে নগদ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ায় পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব।

​আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের পশ্চিমপাড়ায় মৃত দুলাল চন্দ্রের ছেলে শ্রী সুজন কুমারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করেই শ্রী সুজন কুমারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে দুটি ঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে সুজন কুমারের মা, বৃদ্ধা দাদি ও দুই শিশুসন্তান উপস্থিত ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে বেঁচে গেলেও ঘরের ভেতর থেকে কোনো মালামাল রক্ষা করতে পারেননি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কোনো আসবাবপত্র বা সামগ্রী বাঁচানো সম্ভব হয়নি।

​ক্ষতিগ্রস্ত সুজন কুমার জানান, আগুনে ঘরের ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমারি, কাপড়-চোপড় এবং প্রয়োজনীয় আসবাবপত্রের পাশাপাশি ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রাখা নগদ টাকাসহ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​সবকিছু হারিয়ে বর্তমানে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। মাথার ওপর ছাদ, পরনের কাপড় কিংবা রান্নার সামগ্রী—কোনো কিছুই অবশিষ্ট নেই। দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবহার্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় নতুন করে ঘর তৈরি বা প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্যও তাদের নেই।

​সর্বস্ব হারানো এই পরিবারটির পাশে দাঁড়ানো এখন আমাদের সবার মানবিক দায়িত্ব। চরম এই দুর্দিনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সেবামূলক সংগঠন দ্রুত এগিয়ে এলে হয়তো পরিবারটি ঘুরে দাঁড়ানোর একটু ভরসা পাবে। একটি ছোট সহযোগিতা বা অনুদানই পারে নিঃস্ব এই মানুষগুলোর পুড়ে যাওয়া জীবনে সামান্য হলেও আশার আলো জ্বালাতে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top