দীর্ঘ ৯ বছর পর পর্যটকদের পদচারণায় আরও মুখরিত হতে যাচ্ছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। আগামী ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আয়োজনে চলচ্চিত্র, সংগীত ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় তারকাদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঢালিউড কিং শাকিব খান, চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা, ব্যান্ডশিল্পী হাসান, কণ্ঠশিল্পী প্রীতম হাসান, তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং জাতীয় ফুটবল দলের তারকা জামাল ভূঁইয়া। এ ছাড়াও বিনোদনজগতের আরও অনেক তারকার অংশগ্রহণের কথা রয়েছে।
দুই দিনব্যাপী এ কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্রসৈকতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, হোটেল-মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



