গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিক কিশোরীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। প্রায় চার বছর আগে খালা-খালুর সঙ্গে জরুন এলাকায় এসে ওই বাসায় ভাড়ায় থাকতেন তিনি। স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন হাসিনা।
স্বজনদের বরাতে জানা যায়, গত দুই দিন ধরে অসুস্থ থাকায় তিনি কারখানায় যাননি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে স্থানীয়দের সহায়তায় জানালা দিয়ে কক্ষের ভেতরে তার মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে রাত ৯টার দিকে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top