কুড়িগ্রামে নাতির হাতে দাদা খুনের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার বাড়িতে বেড়াতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তি। বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে তাঁর ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানকার একটি শয়নকক্ষ থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তাঁদের কেউ কেউ নিহতের নাতির সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ সন্দেহের পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো রহস্যাবৃত।
খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top