কয়রায় সরকারি জমি ও কলা কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

খুলনার কয়রা উপজেলায় সরকারি জমি এবং কলা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত পল্লী চিকিৎসক গোলাম রব্বানী (৫২) মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।

​ঘটনাটি ঘটে গত সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম মঠবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ি মৌজায় গ্রামীণ সড়কের পাশের ১৩ শতক সরকারি জমি ও সেখানে থাকা কলাগাছের কলা কাটাকে কেন্দ্র করে গোলাম রব্বানীর সঙ্গে তাঁর চাচাতো ভাই সিদ্দিক সরদারের (২৬) বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দা, শাবল, রড ও লাঠি নিয়ে সংঘর্ষ বেঁধে যায়।

​সংঘর্ষে গোলাম রব্বানীসহ তাঁর ছেলে বিল্লাল সরদার (১৭), স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও মা রাহিলা বেগম (৫৫) গুরুতর আহত হন। আহতদের প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা এবং আশঙ্কাজনক অবস্থায় গোলাম রব্বানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু ঘটে।

​এ ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। কয়রা থানার ওসি মো. রাশেদুল আলম জানান, ঘটনায় জড়িত অভিযোগে আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগম (৩৫) নামের দুই নারীকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top