কক্সবাজার সদর উপজেলার কালুর দোকান এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সরোয়ার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭-এর সদস্যরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় যৌথ আভিযানিক দল। পরে দুপুর সাড়ে ১টার দিকে কালুর দোকান এলাকার বার্মিজ মার্কেট সড়কসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে সরোয়ারকে আটক করা হয়।
আটক সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।
এসআরবি সূত্র জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা স্কচটেপে মোড়ানো সাতটি বান্ডেলে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পরে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার সরোয়ারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




