কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালানোর সময় ঘটনাস্থলে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে। পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা মোট দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত এক ব্যক্তি ইয়াবার চালানটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




