ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার, (২৯ সেপ্টেম্বর ) রাত ১:০০ ঘটিকায় ঈশ্বরগঞ্জ থানাধীন ৪নং আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ রবিন (২৪)। তার পিতার নাম আবুল বাদশা ও মাতার নাম ফিরোজা বেগম। তার বাড়ি ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের দওপাড়া এলাকায়।
পুলিশ সুপার, ময়মনসিংহ এর নির্দেশনা এবং গৌরীপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ রোমন এর নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন এবং দুইটি অনলাইন জুয়া অ্যাপসের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানায় তার বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ওসি সাজ্জাদ রোমন বলেন, “মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”




