বৃহস্পতিবার উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানিয়েছেন।তুহিন আলম বলেন, অভিযানে উল্লাপাড়া উপজেলার চরিয়াশিকা এলাকার মেসার্স সুফিয়া ব্রিকসের মালিককে দুই লাখ টাকা, একই উপজেলার কামারখালি এলাকার মেসার্স রুহি ব্রিকসকে দুই লাখ, একই এলাকার মেসার্স রাণীনগর ব্রিকসকে (এমআরএনবি) এক লাখ এবং মেসার্স আশা ব্রিকসের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রায়গঞ্জ উপজেলার বিলচণ্ডি এলাকার মেসার্স তানজিলা ব্রিকসের গ্যাসের প্রভাবে আশপাশের কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিককে এক লাখ জরিমানার পাশাপাশি ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
অভিযানে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম নেতৃত্ব দেন। এতে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।




