প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতি যাত্রায় বিলম্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার যাত্রা বিলম্বিত হচ্ছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর তাকে বহনকারী বিমান টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া বৈঠক করেন জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরের শেষ ভাগে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও মরদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা সভা

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা

Scroll to Top
moors app