পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটিপির (বর্জ্য পরিশোধনাগার) সক্ষমতার তুলনায় বেশি তরল বর্জ্য উৎপাদন ও অপরিশোধিত বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছিল। এ অপরাধে কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ ও সংস্কার করে কার্যকরভাবে পরিচালনার লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

এছাড়া তরল বর্জ্য নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলমসহ শাহজাদপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top