নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলঘুন্টি সংলগ্ন লিচুতলা এলাকায় রাতের আঁধারে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে ভেতরের মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে করে ওই এলাকার সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা চরম বিদ্যুৎ ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর চক্র রেলঘুন্টি লিচুতলা এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি নিচে নামায়। পরবর্তীতে তা ভেঙে ভেতরের তামা, মূল্যবান যন্ত্রাংশ ও তেল চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা খুঁটির নিচে ট্রান্সফরমারের খালি খোলস পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুৎ অফিস ও পুলিশে খবর দেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। হঠাৎ ট্রান্সফরমার চুরির কারণে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডোমার থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোর চক্রকে সনাক্ত করতে অভিযান চালানো হবে।



