রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “ইমাম নয়, বাকি জীবনটা আপনাদের খাদেম হিসেবে থাকতে চাই।” জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি দল-মত নির্বিশেষে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, সাহাপাড়া, কামারপাড়া ও ইকরচালী বাজারসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। সকাল থেকেই আশপাশের গ্রাম থেকে মানুষ তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে ভিড় করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী রাস্তা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি সহায়তা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের দাবি জানান। তিনি এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আজহারুল ইসলাম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। সামাজিক সম্প্রীতি বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সেবার মান ও বিদ্যমান সমস্যাবলি নিয়ে আলোচনা করেন।




