কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে পুলিশ। রাতভর পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি, দুটি মামলার আসামি এবং একজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন।
পরে গ্রেপ্তারদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। তবে একজন আসামি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাতভর টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও সন্দেহজনক চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।




