নাজিরপাড়া সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা ও কাঠের নৌকা জব্দ

 কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন নাজিরপাড়া বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ও নৌকা জব্দ করেন।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যায়। এর ভিত্তিতে বিএসপি পোস্ট সংলগ্ন নাফ নদী এলাকায় বিজিবির একটি আভিযানিক দল অবস্থান নেয়।

পরে বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে একটি কাঠের নৌকায় এক ব্যক্তিকে তীরে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তিনি দৌড়ে পাশের খালে লাফ দেন। এ সময় তার শরীরে বিশেষ কৌশলে মোড়ানো ইয়াবার প্যাকেট পানিতে পড়ে যায়।

পরে বিজিবির সদস্যরা এলাকা ঘেরাও করে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান চলবে।

জব্দকৃত ইয়াবা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Scroll to Top
moors app