দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ফিডবোঝাই একটি ট্রাক পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রাকটির ইঞ্জিন হঠাৎ রেললাইনের ওপর বন্ধ হয়ে যায়। চালক একাধিকবার চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে ব্যর্থ হন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে খুলনাগামী আন্তঃনগর ট্রেন খুলনা মেইল এসে পড়ে।
মুহূর্তেই ট্রেনটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ট্রাকের হেল্পার সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো ট-২০৫৮৬৮।
এ দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ধ্বংসাবশেষ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঘোড়াঘাট রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, গেটম্যান ও কার্যকর সতর্কীকরণ সিগন্যাল নিশ্চিত করা জরুরি। তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।




