বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহন উপজেলা-এ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি, আতঙ্কে এলাকাবাসী

চরভূতা ইউনিয়ন–এর ৬ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ০১ মার্চ ২০২৬ রবিবার রাতে নিত্য গোপাল শিকারির বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র কৌশলে ঘরের জানালা ও টিনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘরের লোকজনকে অচেতন করে প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নিত্য গোপাল শিকারি জানান, তিনি চতলা বাজারে পান বিক্রি করে রাতে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে প্রতিবেশীরা ঘরের পিছনের দরজা খোলা দেখে ডাকাডাকি করলে তারা বিষয়টি জানতে পারেন। পরে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।
ভুক্তভোগীর ছেলে ছোটন চন্দ্র শিকারি বলেন, তিনি বিদেশ থেকে দেশে এসে বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল ঘরে রেখেছিলেন। চোরচক্র পরিকল্পিতভাবে এসব জিনিসপত্র নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
স্থানীয়দের ধারণা, চোরচক্র দলবদ্ধভাবে ছোট বাচ্চাকে ব্যবহার করে জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশের পথ তৈরি করে। এরপর ঘরের টিন কেটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার স্থানীয় থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন