ময়মনসিংহের তারাকান্দায় কভার ভ্যানের চাপায় আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) নামের দুই শিশু বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজনে দুই বোন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দার তালদিঘী এলাকার মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু তারাকান্দার পশ্চিম তালদিঘী ফকির বাড়ির মো. মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির সন্তান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী কভার ভ্যান দুই শিশুকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন বলেও দাবি করেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর ঘাতক চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর সার্কেলের এএসপি তাহমিনা আক্তার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



