খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে সুন্দরবননির্ভর ৪০ জন দুস্থ বনজীবীর মধ্যে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উত্তর বেদকাশী ইউনিয়নের কাটমারচর খেয়াঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ উপকূলীয় দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দাতা সংস্থার প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান জানান, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বেঁচে থাকা উপকূলীয় বনজীবীদের টেকসই উপার্জন নিশ্চিত করাই এ সহায়তার মূল লক্ষ্য।
নতুন নৌকা ও জাল পেয়ে উপকারভোগী বনজীবী আরিফুল ইসলাম আনন্দ প্রকাশ করে জানান, এতদিন নিজের সরঞ্জাম না থাকায় অন্যের নৌকায় কষ্ট করে কাজ করতে হতো। এখন থেকে তারা নিরাপদে উপার্জন করে পরিবার চালাতে পারবেন।




