বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের সিঁধ কেটে দুগ্ধ সমিতির ম্যানেজারকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে ঘরের সিঁধ কেটে ঢুকে সোবাহান প্রামানিক নামে এক দুগ্ধ সমিতির ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোররাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোবাহান প্রামানিক ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় সোবাহানের স্ত্রী হামলাকারীদের বাধাঁ প্রযোগ করলে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দু হাত কেটে ফেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মসজিদের একটি পুকুর নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে মোল্লা বংশ ও প্রামানিক বংশ বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা সোবহান প্রামানিককে এলোপাতাড়ি মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা একজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন